প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পাঠানো নোটিশে আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নাহিদ ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’ আইনজীবী হাবিবুর রহমান নোটিশে দাবি করেন, নাহিদ ইসলামের এ বক্তব্য অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক। এমন বক্তব্যে তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন। নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য করা জাতির প্রত্যাশার পরিপন্থী। এ বক্তব্যের জন্য নাহিদ ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।