রাজধানীর মিরপুরে নাশকতার আশঙ্কায় ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও দুই লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। পরে জননিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার আনছার ক্যাম্প, পাইকপাড়া, মিরপুর-১-এর তানিম ভবনের সামনে রাস্তায় ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে থাকার খবর পান পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন। ওই সময় তিনি রোমিও-৭১ রাত্রীকালীন টহল দায়িত্বে ছিলেন।
খবর পেয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে বিষয়টি ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) জানানো হয়। ডিসি জানান, বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তার ওপর থেকে আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বাজারের ব্যাগে থাকা দুটি বোতলে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করতে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুরের হাক্কানী গলি সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবনের কম্পাউন্ডের খোলা জায়গায় গর্ত খোঁড়া হয়। বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে দুই দফায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ২০টি ককটেল নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।