আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তেজগাঁও শিল্পাঞ্চল থানার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। এর আগে গত ২৭ অক্টোবর মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. মাসুদুর রহমান।
আবেদনে বলা হয়, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি সংলগ্ন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। পুলিশের আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে দিলীপ আগরওয়ালার সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাকে মামলার অর্থ ও অন্যান্যভাবে সহায়তাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।