খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। তিনি ঘের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে চা পান করছিলেন তরিকুল। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক দোকানে এসে তাকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে খুলনা-দৌলতপুর সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।