তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে অর্থায়ন ও ইন্ধন জোগানোর অভিযোগে ১০০ জনের বেশি ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রায় ১২৫টি কোম্পানির আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। এনবিআর সূত্রে জানা গেছে, সংস্থাটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তাদের আর্থিক লেনদেনের বিবরণী জমা দিতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবরুদ্ধ করা ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ী। তাঁদের কেউ কারাগারে রয়েছেন, আবার কেউ পলাতক বলে জানা গেছে। তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য ও এনভয় গ্রুপের মালিক আবদুস সালাম মুর্শেদী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এ ছাড়া ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হোসেন, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এস এম মান্নান কচির নামও রয়েছে তালিকায়। সংশ্লিষ্টদের কয়েকজনের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও তদন্তের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।