ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এ চমক শ্রীলীলা। দক্ষিণী এই অভিনেত্রী প্রথমবার পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন ‘থালাইভা’র সঙ্গে। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। ইতোমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। ‘ধর্মন’ সিনেমাটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। সেখানে অভিনেত্রীর ঝলক তুলে ধরা হয়েছে। রজনীকান্ত, শ্রীলীলার পাশাপাশি ‘ধর্মন’-এ দেখা যাবে সিমরন, নয়নতারা, যোগী বাবু এবং রাশি খান্নাকেও। পরিচালক অশ্বথের সঙ্গেও এই প্রথম কাজ করছেন রজনীকান্ত।
‘ধর্মন’ সিনেমাটি আসার খবর ছড়িয়ে পড়তেই রজনীকান্তের ভক্তদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। প্রথম প্রচার ঝলক সামনে আসতেই অভিনেতার চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তাকে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে।
১৯৭৮ সালের সিনেমা ‘মুলম মলারুম’-এ রজনীকান্তের চরিত্রের সঙ্গেও এই চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। প্রকাশিত কয়েকটি ঝলকে অভিনেতার হাতে রক্তের দাগও দেখা গেছে। ফলে ‘ধর্মন’-এ তাকে ধূসর চরিত্রে দেখার সম্ভাবনা আরও প্রবল হয়েছে। জানা যাচ্ছে, এই সিনেমা তৃতীয় দফার শুটিং শেষ হয়েছে সেপ্টেম্বরে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। ‘ধর্মন’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এখন পর্যন্ত সিনেমাটি মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।