যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন, যিনি সেখানে শেখ রহমান নামে পরিচিত। তাঁর এ বিজয়ের খবরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের বাড়িতে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ছেলের জয়ের খবরে উচ্ছ্বসিত তাঁর মা সৈয়দা হাজেরা খাতুন। সরারচরের বাড়িতে থাকা এই মা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, একদিন তাঁর ছেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। চলতি মাসের শেষ দিকে মাকে দেখতে বাংলাদেশে আসার কথা রয়েছে শেখ রহমানের। শেখ রহমানের ছোট ভাই ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বড় ভাইয়ের এ বিজয়ে তাঁরা আনন্দিত। তিনি, তাঁর মা ও পরিবারের অন্য সদস্যরা শেখ রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন শেখ রহমান। প্রাথমিক ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৩৫ হাজার ১০১ ভোট। এর আগে গত ১৯ মে দলীয় প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেন তিনি।
২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে জর্জিয়ার পাঁচ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন শেখ রহমান। তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর। ৬৪ বছর বয়সী শেখ রহমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে শেখ রহমান মেজো। তাঁর ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বাংলাদেশের জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন শেখ রহমান।
রূপক/ ৫ নভেম্বর ২৬