বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। আগামী গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছে সরকার। তিনি বলেন, বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করেন তিনি।
মন্ত্রী আরও জানান, ব্যক্তি পর্যায়ে সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি। মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।