রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না। শনিবার (৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান তিনি।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের প্রবেশ ও লাঠিচার্জের ঘটনায় আরও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন রেখে তিনি বলেন, দেশে আসলেই কোনো সরকার ব্যবস্থা আছে কি না। এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণেরও আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।