খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়। বিআরটিসির টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে তাকে ফোন করে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ জড়িত থাকতে পারে।
এদিকে পুলিশ বলছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।