ফুটবল ক্যারিয়ারের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতা হয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বুট’ পুরস্কার। ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড পুরো মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। গোলদাতার তালিকায় তাঁর চেয়ে চার গোল কম করে দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের ক্রোয়েশীয় ফরোয়ার্ড পেতার মুসা।
এর আগের মৌসুমেও গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। রানার্সআপ খেলোয়াড়ের গোলসংখ্যা ছিল ২৪। টানা দুই মৌসুমে এই পুরস্কার জিতে এমএলএসের তিন দশকের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব অর্জন করলেন মেসি। তবে লিগের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুই মৌসুমে এই পুরস্কার জিতেছেন। শুধু গোলসংখ্যায় নয়, অন্যান্য পরিসংখ্যানেও এগিয়ে ছিলেন এই আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে প্রতি ম্যাচে তাঁর গোলের গড় ০.৮৪ এবং মোট গোল অবদান ৪৩টি। ছয়টি ম্যাচে একাধিক গোল করেছেন তিনি। পেনাল্টি থেকে গোল করেছেন মাত্র একটি।
পেনাল্টি ছাড়া মেসির করা ২৫ গোল এমএলএসের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের মৌসুমে পেনাল্টি ছাড়া ২৮ গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। এদিকে, চলতি মৌসুমে এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন মেসি। এই পুরস্কার জিতলে টানা তৃতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাবেন তিনি।