সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় নিজেদের সম্পর্কের কথা জানান তারা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় আসাদ নূর নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে বিয়ের খবর জানানোর পাশাপাশি সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ইঙ্গিত ও জল্পনার বিষয়েও কথা বলেন তিনি।
আসাদ নূর জানান, বিয়ের বিষয়টি প্রকাশের আগে ইচ্ছাকৃতভাবেই কিছু সূত্র সামনে রাখা হয়েছিল। একই ধরনের পোশাক-পাঞ্জাবি ও শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো ছিল সেই ইঙ্গিতের অংশ। এসবের মাধ্যমে ভক্ত ও নেটিজেনরা যেন তাদের সম্পর্কের বিষয়টি অনুমান করতে পারেন, সেটিই ছিল পরিকল্পনা। তিনি আরও জানান, ছবি আড়ালে রাখা এবং সাময়িকভাবে নীরব থাকার মধ্য দিয়ে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেছিলেন তারা।
ভিডিওবার্তায় সমালোচকদের বক্তব্যের জবাবও দেন আসাদ নূর। তার দাবি, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহ এবং সমাজের কিছু ধর্মীয় ও জাতীয়তাবাদী গোঁড়ামির বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরির উদ্দেশ্যেই তারা এ ধরনের কৌশল নিয়েছিলেন। প্রচলিত কিছু সামাজিক ট্যাবু ভাঙাও এর অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে আসাদ নূর বলেন, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
এ ছাড়া নিজেদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা অভিযোগও নাকচ করেন তিনি। আসাদ নূরের দাবি, তিনি বা পারশা কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ কিংবা অনুদান নেওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।
ভিডিওতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আসাদ নূর বলেন, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির মাধ্যমেও তার অবদান ছিল বলে উল্লেখ করেন তিনি। ৫ আগস্টের পরও পারশা ক্ষমতার মোহে না জড়িয়ে জুলাইপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন আসাদ নূর। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পারশাকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ট্রল ও অপপ্রচার চালানোরও নিন্দা জানান তিনি।