ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত শনিবার একই পরিমাণ অর্থাৎ প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল স্বর্ণের দাম।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩২ দফা কমানো হয়েছে।