হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কড়াকড়ি, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ
অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) বিআরটিএ এক বার্তায় ২১ জুলাই জারি করা পূর্বের একটি বিজ্ঞপ্তির বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকাজে ব্যবহৃত যান এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে থাকা যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা তীব্র, কর্কশ, বিকট বা আতঙ্ক সৃষ্টি করে এমন শব্দ উৎপন্নকারী যন্ত্র স্থাপন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএর মতে, এ ধরনের অননুমোদিত হর্ন শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এসব যন্ত্র চালকদের অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনায় উৎসাহিত করতে পারে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করে।
সংস্থাটি আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযান, বিশেষ করে মোটরসাইকেলসহ অন্যান্য ব্যক্তিগত যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটারের ব্যবহার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এ ধরনের কার্যক্রম বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ অবস্থায় জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানের মালিক ও চালকদের অননুমোদিত হর্ন বা শব্দযন্ত্র স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।