পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ডাইভারশন বা বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ১৪টি পয়েন্টে যান চলাচলে পরিবর্তন আনা হবে। ডাইভারশন কার্যকর থাকবে যেসব এলাকায় তার মধ্যে রয়েছে-বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ও কাঁটাবন এলাকা।
যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারেরও পরামর্শ দিয়েছে ডিএমপি। মিরপুর-ফার্মগেটগামী ভারী যানবাহন বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে, আর হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড ব্যবহার করতে পারবে।গোলাপশাহ মাজার ও হাইকোর্টমুখী যানবাহনকে কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সায়েন্সল্যাবগামী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার রুট ব্যবহার করবে এবং হালকা যানবাহন কাঁটাবন, হাতিরপুল বা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে যেতে পারবে।
উৎসব উপলক্ষে নির্ধারিত কিছু স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার উভয় পাশ, কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত পশ্চিম পাশ, এবং আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড উল্লেখযোগ্য। ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে এই ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে নববর্ষের উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা যায়।