সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, যা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী হজ টিমের সদস্যদের উদ্দেশে বলেন, তারা হজযাত্রীদের “খাদেম” হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। হাজিদের সেবা করা একটি সৌভাগ্যের বিষয় এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না। যারা দায়িত্বে অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দেশে ফেরত পাঠানো হবে।
ভালো সেবা প্রদানকারীদের ভবিষ্যতে আবারও হজ ব্যবস্থাপনায় দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, হাজিদের সন্তুষ্টিই তাদের যোগ্যতার মাপকাঠি হবে।
অনুষ্ঠানে হজ টিমের সদস্যরা হাজিদের সেবা করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন টিমের সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হজ অনুবিভাগের পক্ষ থেকে দায়িত্ব ও কর্তব্য নিয়ে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।