চট্টগ্রাম বন্দরে প্রায় দুই লাখ টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ নোঙর করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। একই সঙ্গে গণমাধ্যমকে নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ উল্লেখ করেন, চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ থাকার খবর গুরুত্ব দিয়ে প্রচারিত হলেও, সংশ্লিষ্ট ইতিবাচক দিক—বড় পরিমাণ তেলবাহী জাহাজ আগমনের বিষয়টি—সেভাবে তুলে ধরা হয়নি।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে চিফ হুইপ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের জন্য আরবি, চীনের জন্য মান্দারিন, ইতালির জন্য ইতালিয়ান, কোরিয়ার জন্য কোরিয়ান এবং জাপানের জন্য জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান। তিনি আরও বলেন, এ বিষয়ে একটি সমন্বিত নির্দেশিকা তৈরির জন্য শিক্ষা খাতে উদ্যোগ নেওয়া হচ্ছে, যা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ জানান, এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য প্রস্তাব সামনে আসবে।