রাজশাহীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত রাকিব হাসানকে আটক করা হয়। তিনি নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা।
ক্রেতা সেজে অভিযান
গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করছিলেন রাকিব। এসব তেল একটি বহুতল ভবনের বেসমেন্টে মজুত রেখে পরে উচ্চমূল্যে বিক্রি করা হতো।
অভিযানের দিন এনএসআইয়ের সদস্যরা ক্রেতা সেজে তেল কিনতে গেলে তিনি বিক্রিতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুতকৃত তেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালিয়া। তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করা হয়েছে এবং জরিমানার অর্থসহ তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। অতীতে বড় পরিসরে বিক্রির ইঙ্গিত
অভিযানস্থলে পাওয়া বোতল ও জারের ভিত্তিতে গোয়েন্দাদের ধারণা, সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন অভিযুক্ত। অভিযান অব্যাহত থাকবে
গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।