প্রযুক্তি জায়ান্ট মেটা আগামী মাসের মধ্যে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। শনিবার (১৮ এপ্রিল) এনডিটিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে রয়টার্স-এর সূত্রের বরাত দিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম ধাপের বড় আকারের ছাঁটাই ২০ মে থেকে শুরু করতে পারে। প্রথম ধাপে বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বছরের দ্বিতীয়ার্ধে আরও কর্মী ছাঁটাই হতে পারে। তবে এ বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি বা সংখ্যা চূড়ান্ত হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির ওপর নির্ভর করে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মেটা। এর আগে রয়টার্স জানায়, প্রতিষ্ঠানটি মোট কর্মীর ২০ শতাংশ বা তারও বেশি ছাঁটাই করতে পারে।
কোম্পানির কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগ করছেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
উদাহরণ হিসেবে, অ্যামাজন সম্প্রতি প্রায় ৩০ হাজার করপোরেট কর্মী ছাঁটাই করেছে। পাশাপাশি ব্লক, ইনক. ফেব্রুয়ারিতে তাদের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করে, যেখানে এআইনির্ভর দক্ষতা বৃদ্ধিকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
চাকরি ছাঁটাই পর্যবেক্ষণকারী ওয়েবসাইট লেঅফ.এআই-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৫৩ হাজার।
এর আগে ২০২২ সালে ‘ইয়ার অব ইফিশিয়েন্সি’ কর্মসূচির আওতায় মেটা প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও ব্যবস্থাপনা স্তর কমানো এবং এআইনির্ভর দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৭৯ হাজার কর্মী কাজ করছেন। সম্প্রতি রিয়েলিটি ল্যাবস বিভাগ পুনর্গঠন করে বিভিন্ন দল থেকে প্রকৌশলীদের নিয়ে ‘অ্যাপ্লায়েড এআই’ নামে নতুন একটি ইউনিট গঠন করেছে মেটা, যা স্বয়ংক্রিয়ভাবে কোড লেখা ও জটিল কাজ সম্পন্নে সক্ষম এআই এজেন্ট তৈরিতে কাজ করবে।