ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছাড়াও একজন পাইলট ও একজন সহকারী পাইলট (কো-পাইলট) ছিলেন। দুর্ঘটনার পর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
উড্ডয়নের পরই যোগাযোগ বিচ্ছিন্ন
স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি এলাকা থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। প্রায় এক ঘণ্টা পর, সকাল ৮টা ৩৯ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্গম এলাকা, ব্যাহত উদ্ধার কার্যক্রম
দুর্ঘটনাস্থলটি ঘন জঙ্গলঘেরা ও দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ে। এর সঙ্গে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও প্রতিকূল পরিবেশের কারণে কার্যক্রম ধীরগতিতে চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ সূত্রে নিশ্চিত তথ্য
সেকাদাউ পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আরোহীদের কেউই বেঁচে নেই। তদন্ত করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।