বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রশিক্ষিত এই তরুণরা বিশ্ব সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের সক্ষমতার নতুন দূত হিসেবে কাজ করবে।
শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের ‘পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বৈশ্বিক সমুদ্র অর্থনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর বাংলাদেশ। নবীন ক্যাডেটদের দেশ ও জাতির সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শারীরিক ও মানসিক বিকাশেরও মূল ভিত্তি।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন বন্দরে দায়িত্ব পালনের সময় ক্যাডেটদের পেশাদারিত্ব ও আচরণই বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবে। তাই সততা, দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রশিক্ষণকালীন নানা প্রতিকূলতা অতিক্রম করার জন্য ক্যাডেটদের প্রশংসা করে মন্ত্রী বলেন, পৃথিবীর অধিকাংশ অংশই জলভাগ এবং আধুনিক বিশ্ব অর্থনীতিতে সমুদ্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাহাজ ব্যবস্থাপনা বা নৌ-চলাচল-যে ক্ষেত্রেই কাজ করা হোক না কেন, প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।