চীন সরকারের আমন্ত্রণে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিক সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যাত্রা শুরু করেন।
১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফখরুল যোগ দেবেন পরে
প্রাথমিকভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সফরের কথা থাকলেও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় শুরুতে যেতে পারেননি। জানা গেছে, আগামী ১৯ এপ্রিল তিনি প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।
প্রতিনিধি দলে যাঁরা
সফরকারী দলে রয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন
উপদেষ্টা নজমুল হক নান্নু
যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেল
স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম
সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, মনোয়ার হোসেন খান ও সাঈদ আল নোমান
সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি
সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি হিসেবে কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও চলচ্চিত্রকার আশরাফ উদ্দিন উজ্জ্বল এ ছাড়া দলের অন্যান্য নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও প্রতিনিধি দলে রয়েছেন।
সফরের আগে নৈশভোজ
এর আগে গত ১৩ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাস বিএনপি প্রতিনিধি দলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। সেখানে সফরসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
ফিরবে ২৪ এপ্রিল
সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হতে পারে।