রাজশাহী মহানগর পুলিশের (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।
একাধিক থানায় ওসি বদলি
আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলে পরিদর্শক করা হয়েছে। মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানায় একই পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্বে আরও কয়েকজন
গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি করা হয়েছে।
এছাড়া কয়েকজন পরিদর্শক (তদন্ত) পর্যায়ের কর্মকর্তাকেও বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। বেলপুকুর থানার শামছুল আলমকে কর্ণহার থানায়, রাজপাড়া থানার আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
‘নিয়মিত বদলি’ বলছে আরএমপি
এ বিষয়ে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এটি একটি নিয়মিত প্রশাসনিক বদলি। পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী এসব রদবদল করা হয়েছে।