দেশের প্রায় ৮০ শতাংশ বর্জ্য নদী-নালায় গিয়ে মিশছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, বর্জ্যকে সমস্যা হিসেবে না দেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা সম্পদে রূপান্তর করতে হবে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার কেন্দ্রটির ডাম্পিং ব্যবস্থা ও সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের অংশ হিসেবে পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বর্জ্য ব্যবস্থাপনা সেই অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ খাত।
তিনি আরও বলেন, গ্রাম থেকে শহর—সব জায়গায় অপরিকল্পিতভাবে বর্জ্য ছড়িয়ে থাকায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আধুনিক ব্যবস্থাপনায় জোর
ড. জিয়াউদ্দিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক রিসাইক্লিং প্রযুক্তি চালুর ওপর গুরুত্বারোপ করে কয়েকটি করণীয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—দ্রুত বর্জ্য অপসারণ, বর্জ্য থেকে জৈব সার বা জ্বালানি উৎপাদন এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে জনগণকে সচেতন করা। শ্রমিকদের নিরাপত্তার ওপর গুরুত্ব
পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, ফরিদপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।