চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি আয় বাড়াতে নতুন কৌশল এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে তিনি কর্ণফুলী ড্রাই ডক লিমিটেড-এর জেটি এলাকা ঘুরে দেখেন। পরে টোল আদায় বৃদ্ধি ও সামগ্রিক রাজস্ব বাড়ানোর লক্ষ্যে জেটির বহুমুখী ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় টানেলের ব্যবহার বাড়াতে ড্রাই ডক জেটির সঙ্গে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেতু সচিব বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে টানেলটির কার্যকারিতা বাড়াতে পণ্য পরিবহন ও লজিস্টিক সুবিধা সম্প্রসারণ জরুরি। এতে ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্বও বাড়বে।
তিনি দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন। একই সঙ্গে টানেলের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে অত্যাধুনিক হেলথ মনিটরিং সিস্টেম স্থাপনের কাজও চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে টানেলের ভেতরে স্থাপিত স্বয়ংক্রিয় সেন্সর ও মনিটরিং ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন সচিব।
প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, টানেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। উন্নত দেশের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনাও দেন তিনি। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।