দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) অনলাইন সামিটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি। বিশেষ করে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জ্বালানি সরবরাহ বিঘ্নজনিত সমস্যা সমাধান করা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জ্বালানি সংকটের প্রভাব নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগ অপরিহার্য। এতে স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় থেকে রক্ষা করা যাবে।
তার মতে, বর্তমান পরিস্থিতিতে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ পদক্ষেপই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।