পুরনো বছরের গ্লানি, ক্লান্তি ও অবসাদকে পেছনে ফেলে নতুন আশায় বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়। দিনজুড়ে অনুষ্ঠানে ছিল নৃত্য, গান, আবৃত্তি ও ফ্ল্যাশমব পরিবেশনা। পাশাপাশি বাউল ও ভাটিয়ালি গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য বেনজীর আহমেদ ও মিসেস দুলুমা আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দীন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান।
এম এ কাশেম বলেন, পহেলা বৈশাখ বাঙালির অন্যতম বড় উৎসব, যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি বলেন, পুরনো বছরের ব্যর্থতা ও গ্লানি পেছনে ফেলে নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা দেয় এই উৎসব।
উপ-উপাচার্য নেছার উদ্দীন আহমেদ বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নবচেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে একসঙ্গে কাজ করে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
বিকেলের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর প্রাণবন্ত কনসার্ট। দিনশেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।