ইরানের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ জোরদার করে যুক্তরাষ্ট্র। তবে সেই অবরোধ অমান্য করে একটি চীনা তেলবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রয়টার্সের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা ট্যাংকার হরমুজ প্রণালি পেরিয়ে উপসাগর এলাকা ত্যাগ করেছে। এতে বোঝা যাচ্ছে, মার্কিন অবরোধ সত্ত্বেও প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ‘রিচ স্ট্যারি’ নামের জাহাজটি অবরোধ শুরু হওয়ার পর প্রথম ট্যাংকার হিসেবে প্রণালি অতিক্রম করেছে। জাহাজটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড এর আগে ইরানের সঙ্গে লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
জাহাজটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে তেল বোঝাই করে যাত্রা শুরু করে বলে জানা গেছে। এদিকে রয়টার্স আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা আরেকটি ট্যাংকার ‘মুরলিকিশান’ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ১৬ এপ্রিল ইরাক থেকে অপরিশোধিত তেল বহনের পরিকল্পনা রয়েছে। ‘এমকেএ’ নামে পরিচিত এই জাহাজটি এর আগে রাশিয়া ও ইরানের তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল।
সাম্প্রতিক এ ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।