জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। শনিবার কলোরাডো র্যাপিডসের বিপক্ষে এমএলএসের এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে নতুন কোচ গিয়ের্মো হোইয়োসও অভিষেক ম্যাচেই পেলেন দারুণ সাফল্য।
মাত্র চার মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জেতানো হাভিয়ের মাসচেরানো গত মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন। তার বিদায়ের পর কোচ হিসেবে দায়িত্ব নেন হোইয়োস। কলোরাডোর বিপক্ষে ম্যাচটি ছিল তার প্রথম পরীক্ষা, আর সেই পরীক্ষায় উতরে যেতে বড় ভূমিকা রাখেন মেসি।
ম্যাচটি ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। মেসিকে দেখতে দর্শকদের বিপুল আগ্রহের কারণে খেলা আয়োজন করা হয় ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন ৭৫ হাজার ৮২৪ জন দর্শক। যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।
ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতিতেই খেলছিল ইন্টার মিয়ামি। তবে প্রতিপক্ষের ভুল থেকেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। নিজেদের অর্ধ থেকে বল বের করতে গিয়ে চাপে পড়ে কলোরাডো। বক্সের মধ্যে ইয়ানিক ব্রাইটকে ফেলে দিলে পেনাল্টি পায় মিয়ামি।
দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে। স্পটকিক নিতে গিয়ে মেসি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান। বিরতির আগেই ব্যবধান আরও বাড়ায় মিয়ামি। মেসির ফ্লিকে বল পেয়ে মাতেও সিলভেত্তি ক্রস তুললে হেরমান বেরতেরামে হেডে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কলোরাডো র্যাপিডস। রাফায়েল নাভারো নিজের অর্ধ থেকে বল এগিয়ে এনে একজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন। চার মিনিট পর লুকাস হেরিংটনের নিখুঁত পাস থেকে দারেন ইয়াপি সমতা ফেরালে ম্যাচে ফিরে আসে উত্তেজনা।
তবে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন মেসিই। ম্যাচের শেষ দশ মিনিটে রদ্রিগো দে পলের থ্রু পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়েই বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা।
মেসির ওই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মিয়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।