দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে সুশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
শনিবার (১৮ এপ্রিল) কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত ‘আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রসারে করণীয়’ শীর্ষক শিক্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মারুফ বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে।
তিনি দাবি করেন, অতীতে বিএনপি সরকারের সময় নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে শিক্ষার মানোন্নয়নের পরিবর্তে পাশের হার বাড়ানোর প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ জন্য পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষা খাতে সংস্কারের বিষয়ে তিনি বলেন, শিক্ষাবাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা, ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি চালু এবং আইটেম ব্যাংকভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষায় গুরুত্ব বাড়ানো, প্রতিটি বিভাগে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণায় বিশেষ অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কোচিং বাণিজ্য বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজসহ স্থানীয় শিক্ষাবিদ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে ড. মারুফ শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য মনোযোগী হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।