নোয়াখালী সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ লিটার ডিজেল ও একটি পিকআপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার রাতে উদয় সাধুর হাট দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন—চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাশেদ (৩৮), মহাতাপুর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৭), চরকাওনীয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শিহাব উদ্দিন (২২) এবং একই গ্রামের আবুল বাশারের ছেলে মাকসুদ (৩২)।
পুলিশ জানায়, রাতে জেলা ডিবি পুলিশের একটি দল খলিফার হাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুত করা হয়েছে। পরবর্তীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল সংরক্ষণ করা হচ্ছিল বলে ধারণা করা হয়।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের ভেতরের বিভিন্ন স্থানে মজুত রাখা ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।