বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি এবং দক্ষ মানবসম্পদ তুর্কি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন-এর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। তিনি তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।
এছাড়া চামড়াজাত ও পাটজাত পণ্যে তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লে উভয় দেশই লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের তুলনামূলক কম উৎপাদন ব্যয়কে বিনিয়োগের জন্য অনুকূল বলে উল্লেখ করা হয়।
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দক্ষ জনশক্তি দেশটিকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় করে তুলেছে। বিশেষ করে পরিবেশবান্ধব পাটপণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।