নববর্ষ বরণে ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা
বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম-এর নেতৃত্বে সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে যাত্রা শুরু করে শাহবাগ এলাকায় গিয়ে ঘুরে রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হয়।
এবারের শোভাযাত্রায় পাঁচটি বড় মোটিফ বিশেষ আকর্ষণ হয়ে ওঠে-মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী জাতীয় সংগীতসহ ‘এসো হে বৈশাখ’ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। শোভাযাত্রায় প্রায় ২০০ শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করেন। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।