বাড়ল এলপিজির দাম, নতুন মূল্য ঘোষণা বিইআরসির
ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগস্ট মাসের জন্য নতুন এ মূল্য ঘোষণা করে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রয়মূল্য (রিটেইলার পয়েন্ট) মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত করে এই দাম নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। কমিশনের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ভিত্তিতে বিইআরসি ভোক্তা পর্যায়ের এলপিজির মূল্য সমন্বয় করে থাকে।