ভারতের নতুন শিক্ষামন্ত্রী, দায়িত্ব পেয়ে শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি প্রহ্লাদ জোশীর
ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় তিনি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জোশী। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে তিনি আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বকে তিনি বড় ধরনের দায়িত্বশীলতার বিষয় হিসেবে উল্লেখ করেন। শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জোশী বলেন, গত এক দশকেরও বেশি সময়ে মোদি সরকারের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবদানেরও প্রশংসা করেন।
বিশেষ করে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) বাস্তবায়নে ধর্মেন্দ্র প্রধানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সহায়তা করেছে।
জোশীর মতে, শিক্ষা খাতে গৃহীত সংস্কারগুলো ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি তৈরি করেছে এবং দেশের শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন শিক্ষা কাঠামোর মাধ্যমে ভারত আরও অগ্রগতি অর্জন করবে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পদত্যাগপত্র গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ জোশীর ওপর অর্পণ করেন।
বর্তমানে প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের ফলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও তদারকি করবেন।