বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতিতে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।
সোমবার সকালে সিলেট নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। সংবিধানের বিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সেটি তার ব্যক্তিগত ও দলীয় বিষয়। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করেছে। তিনি দাবি করেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং দলটিকে ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিএনপি মহাসচিব আরও বলেন, জামায়াতের নেতৃত্ব চাইলে বিএনপির গঠনতন্ত্র পর্যালোচনা করতে পারে। একইসঙ্গে জামায়াত নিজেকে কতটা গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে, সে মূল্যায়ন তাদের নিজেদেরই করা উচিত।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, প্রার্থীদের যোগ্যতা নির্ধারণসহ নির্বাচনী বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এ সময় কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে তিনি সিলেট পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এছাড়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করেন।