‘টিকটক বউ’ বিটিভিতে ঈদের বিশেষ নাটক
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দর্শকদের জন্য নিয়ে আসছে ভিন্নধর্মী একটি বিশেষ নাটক ‘টিকটক বউ’। সমসাময়িক সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর জীবনযাত্রা ও পারিবারিক সম্পর্কের হাস্যরসাত্মক উপস্থাপনায় নির্মিত এই নাটকটি ঈদের দিন রাত ৯টায় সম্প্রচার করা হবে।
নাটকের মূল গল্প আবর্তিত হয়েছে মনিরকে ঘিরে। প্রাইভেট ফার্মে কর্মরত মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। সেখানে তার পরিচয় হয় রায়না নামের এক তরুণীর সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রথমবার রায়নাকে দেখে মনিরের মধ্যে আকর্ষণ তৈরি হয় এবং সেখান থেকেই গল্পের সূচনা। ছোটবেলা থেকেই সুন্দরী মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখা মনির বহু প্রস্তাব প্রত্যাখ্যান করলেও রায়নাকে দেখে ভিন্ন অনুভূতি পায়।
বিয়ের আলাপচারিতায় ধীরে ধীরে তৈরি হয় হাস্যরসাত্মক পরিস্থিতি। মনিরের মামার উপস্থিতি পুরো আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলে। গল্পে উঠে আসে নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর ভাবনা-যেমন ফেসবুক ভেরিফায়েড আছে কি না, কনটেন্ট মনিটাইজেশন হয়েছে কি না, কিংবা মাসিক আয় কত-এসব বিষয় নিয়েই জমে ওঠে পারিবারিক আলোচনা।
নাটকে বিয়ের প্রক্রিয়া শেষ পর্যন্ত হাসি-ঠাট্টার মধ্য দিয়ে সম্পন্ন হলেও গল্পে আসে নাটকীয় মোড়। বাসর রাতের পরদিন সকালে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা, যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়।
ঈদ বিশেষ এই নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। এতে অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহীসহ অনেকে।
নির্মাতাদের মতে, ‘টিকটক বউ’ শুধুমাত্র একটি বিনোদনমূলক নাটক নয়; বরং এটি বর্তমান সময়ের সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর সম্পর্ক, প্রজন্মগত পার্থক্য এবং পারিবারিক মূল্যবোধের একটি হাস্যরসাত্মক প্রতিফলন তুলে ধরবে। ঈদের বিশেষ আয়োজনে নাটকটি দর্শকদের জন্য নির্মল বিনোদনের একটি ভিন্নমাত্রার উপহার হতে পারে।