সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশের রাজধানী ঢাকাসহ ১৯ জেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত দমকা বা ঝড়ো হাওয়ার প্রভাবে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পৃথক আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, সারা দেশে চলমান ঝড়-বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।