দগ্ধ রাকিবের চিকিৎসায় পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক তরুণের চিকিৎসা সহায়তার আবেদন নজরে আসার পর দ্রুত উদ্যোগ নিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের বাসিন্দা রাকিব হোসেন (২৫) পেশায় গাছ কাটার শ্রমিক। বাবা আব্দুর রহিম একটি হোটেলে কাজ করেন। তাদের সীমিত আয়ের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার। কাজ করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন রাকিব। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বরিশালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।
অসহায় পরিস্থিতিতে ছেলের চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আবেদন জানান রাকিবের বাবা আব্দুর রহিম। সেই আবেদন পৌঁছে যায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের নজরে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন। চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী গত রোববার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমীর হোসেন মিয়াঁ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে রাকিবের বাবা আব্দুর রহিমের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আব্দুর রহিম বলেন, ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেষ আশ্রয় হিসেবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন করেছিলেন। পরে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন তাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এজন্য তিনি প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাকিবের ভাই জানান, ইতোমধ্যে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় এখনো দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে। ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমীর হোসেন মিয়াঁ বলেন, চেয়ারম্যানের নির্দেশনায় রাকিব হোসেনের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্রের জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের অঙ্গীকার এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে বসুন্ধরা গ্রুপ। মানবিক সহায়তার অংশ হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন নিয়মিতভাবে দুর্ঘটনায় আহত, অসুস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। রাকিব হোসেনের পরিবারের জন্য এই সহায়তা আবারও প্রমাণ করেছে, সময়মতো এগিয়ে আসা একটি সহানুভূতিশীল উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করতে পারে।