দুই সপ্তাহ ধরে চলা দাম্পত্য ভাঙনের গুঞ্জনের পর অবশেষে বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং তার স্বামী সুরজ নাম্বিয়ার। যৌথ বিবৃতিতে তারা জানান, চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত তারা পারস্পরিক সম্মতিতেই নিয়েছেন।
বিচ্ছেদ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মৌনী রায়ের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি প্রেম ও বিয়ে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেছিলেন। সহ-অভিনেতা নবীন কস্তুরিয়ার সঙ্গে আলাপে তিনি জানিয়েছিলেন, ১৯ বছর বয়স থেকেই তার মনে বিয়েকে ঘিরে বিশেষ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।
তিনি বলেন, “মনে হতো, সঠিক একজন মানুষ পাশে থাকলে জীবনে নিরাপত্তা ও ভিন্ন অনুভূতি পাওয়া যায়।” তবে বাস্তব জীবনে উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি। মৌনী আরও জানান, “সঠিক মানুষ খুঁজে পেতে প্রায় আড়াই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছে। যখন মানুষ খোঁজা বন্ধ করে দেয়, তখনই হয়তো জীবনের সঠিক মানুষ এসে যায়।
যৌথ বিবৃতিতে মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার জানিয়েছেন, তারা পারস্পরিক সম্মান বজায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন, এই সময়ে যেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে দুবাইয়ে প্রথম দেখা হয় মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের। পরে দীর্ঘ সম্পর্কের পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় মালায়ালি ও বাঙালি রীতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি মাসে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়।
অভিনয় জীবনে মৌনী রায়কে শেষবার ‘দ্য ভূতনি’ ধারাবাহিকে দেখা গেছে। শিগগিরই তাকে ‘হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হ্যাঁ’ এবং ‘দ্য ওয়াইভস’ প্রকল্পে দেখা যেতে পারে বলে জানা গেছে।