রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিক বর্জ্য কারখানার গুদাম থেকে ইউনুস মিয়া (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দুপুরে কামালবাগ এলাকার একটি কারখানার দ্বিতীয় তলার গুদামঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস মিয়ার বাড়ি বরিশালের কাশিপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
চকবাজার থানা পুলিশ জানায়, ওই গুদামঘরেই কয়েকজন শ্রমিক একসঙ্গে থাকতেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারখানার অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো