অতি-প্রক্রিয়াজাত খাবার নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দৈনন্দিন খাদ্যতালিকায় অল্প পরিমাণ অতি-প্রক্রিয়াজাত খাবার থাকলেও তা মস্তিষ্কের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে Dementia–এর ঝুঁকি বাড়াতে পারে।
গবেষণার ফলাফল অনুযায়ী, দৈনিক খাদ্যের মাত্র ১০ শতাংশ যদি অতি-প্রক্রিয়াজাত খাবার হয়, তাহলে ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অল্প পরিমাণ চিপস বা অনুরূপ স্ন্যাকস খাওয়ার অভ্যাসও সময়ের সঙ্গে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তিকে দুর্বল করে দিতে পারে।
স্বাস্থ্যকর খাবার খেলেও পুরো ঝুঁকি এড়ানো যায় না
গবেষণায় আরও উঠে এসেছে, যারা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন, তাদের ক্ষেত্রেও ঝুঁকি পুরোপুরি দূর হয় না। খাদ্যের ছোট একটি অংশেও যদি অতি-প্রক্রিয়াজাত উপাদান থাকে, তাহলে মধ্যবয়সী ও বয়স্কদের মধ্যে মনোযোগের ঘাটতি এবং ডিমেনশিয়ার সম্ভাবনা বাড়তে পারে।
দৈনন্দিন খাদ্যে এ ধরনের খাবারের আধিক্য
মার্কিন তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের দৈনিক ক্যালরির বড় একটি অংশ-প্রায় অর্ধেকেরও বেশি অতি-প্রক্রিয়াজাত খাবার থেকে আসে। শিশুদের ক্ষেত্রে এই হার আরও বেশি, যা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
গবেষকরা মনে করছেন, আধুনিক খাদ্যাভ্যাসে দ্রুত পরিবর্তনের ফলে শুধু শারীরিক নয়, মস্তিষ্কের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই সচেতনভাবে খাদ্য নির্বাচন এবং প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ কমানো এখন সময়ের দাবি।
সূত্র: গবেষণা প্রতিবেদন (যুক্তরাষ্ট্র)