দেশের যেসব এলাকায় তিন দিনের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় আগামী তিন দিন প্রতিদিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। শনিবার (২৫ জুলাই) রাতে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
সূচি অনুযায়ী, ২৭ জুলাই কুমিল্লা শহর ও আশপাশের এলাকায়, ২৮ জুলাই কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী এবং সংলগ্ন এলাকায় এবং ২৯ জুলাই কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। এ সময় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।