জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিত্ব ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন না হলে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারলে এমপি পদে থাকার কোনো অর্থ নেই।
শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে ফজলুর রহমান জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তের বিষয়ে আস্থা প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত তিনি তদন্ত কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসের ভিত্তিতেই তিনি অপেক্ষা করছেন।
তিনি জানান, মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে এবং গ্রেপ্তার হওয়া আসামিদের পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে না এলে তিনি বিষয়টি নিয়ে আরও উচ্চপর্যায়ে পদক্ষেপ নেবেন।
ফজলুর রহমান বলেন, জাহাঙ্গীর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে হবে। এ ঘটনায় সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার বিষয়েও প্রস্তুত রয়েছেন। অনুষ্ঠানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও বক্তব্য দেন। এ সময় তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করেন এবং সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনজীবী নেতারা। উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। পরে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।