বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সরকারি গাড়িবহর নিয়ে বঙ্গভবন থেকে বের হন সাবেক রাষ্ট্রপতি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে বিকেল ৩টার আগেই গুলশানের নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’-তে পৌঁছান তিনি। এদিন বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরও তাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন মো. সাহাবুদ্দিন। ওই অনুষ্ঠানে বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠান। পরে স্পিকার সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন। পদত্যাগের মধ্য দিয়ে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের সমাপ্তি ঘটে।