আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা দেখছে না সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগকে ঘিরে সম্ভাব্য নাশকতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার মূল্যায়নে দলটির এমন সক্ষমতা নেই। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, তাদের তৎপরতা মূলত দেশের বাইরে থেকে সীমিত পর্যায়েই দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি একটি সভার আয়োজন করেছে। এতে যুগপৎ আন্দোলনের শরিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নতুন কোনো নির্দেশনা নয়; বরং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। দায়িত্ব পালনের সময় যানবাহন অরক্ষিত না রাখা, পুরো টিম একসঙ্গে দায়িত্বস্থল ত্যাগ না করা এবং সবসময় পর্যাপ্ত সদস্যকে দায়িত্বে রাখার মতো বিষয়গুলো নিয়মিত নিরাপত্তা প্রটোকলের অন্তর্ভুক্ত।
সম্প্রতি রাজধানী ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, উল্টো রথযাত্রার দিন কমলাপুর-মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার ভেতরে রাখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। আনসার সদস্যদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
এ ছাড়া আশুলিয়াতেও একটি ব্যাগের মধ্যে রাখা আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। পাশাপাশি অতীতের তুলনায় এ ধরনের ঘটনার সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।