১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
১৬ জুলাইকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৬ জুলাই এবং আগামী ১৫ আগস্টকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ শুধু নির্দিষ্ট দুটি দিনকে ঘিরেই সীমাবদ্ধ থাকবে না। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটির সভাতেও অনুমোদিত হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত পাঁচজন নিহত হন এবং পরিস্থিতি দীর্ঘ সময় ধরে উত্তপ্ত ছিল। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত বছরের সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ জুলাইকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে। প্রশাসনের দাবি, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।