ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু, যোগ দিলেন এনপিএতে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদও দায়িত্ব ছেড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব।
শনিবার (২৫ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে।
এর আগে চলতি বছরের শুরুতে ‘নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন’ (এনপিএ) নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। প্ল্যাটফর্মটির ঘোষিত সদস্য তালিকায় মেঘমল্লার বসুর নাম প্রকাশের পর থেকেই তার নতুন রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়। সর্বশেষ তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, ছাত্র ইউনিয়নের দায়িত্ব ছেড়ে এনপিএতে যোগ দিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি ছাত্র ইউনিয়নের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক অবস্থান ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সংশ্লিষ্ট নেতারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের পদত্যাগের কারণ এবং রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় সংসদ পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই ধরনের সাংগঠনিক বাস্তবতার বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্র ইউনিয়ন জানিয়েছে, সংগঠনের আদর্শিক অবস্থান, সাংগঠনিক শৃঙ্খলা এবং নীতিগত স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির মতে, একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে একযোগে দায়িত্ব পালন তাদের সাংগঠনিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে বিদায়ী নেতাদের অবদানের কথা উল্লেখ করে ছাত্র ইউনিয়ন তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেছে। পাশাপাশি শিক্ষার অধিকার, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।