ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূলসংলগ্ন মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে সমুদ্রজুড়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে রোববার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।
কর্তৃপক্ষ জানায়, ফেরিটিতে যাত্রী ও নাবিকসহ মোট ২৭১ জন আরোহী ছিলেন। এটি পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওসির মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। তাদের পাশাপাশি ফেরিতে আটকে পড়া অন্যদের উদ্ধারে কোস্টগার্ড, উদ্ধারকারী দল এবং আশপাশে থাকা একাধিক জাহাজ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।
সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান নানাং সিগিত জানান, দুর্ঘটনার সময় ফেরিটি বুরুআন সাপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। খবর পেয়ে আশপাশে থাকা কয়েকটি জাহাজ দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ফেরির ওপরের ডেক থেকে ঘন কালো ধোঁয়া বের হতে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ফেরিতে ছড়িয়ে পড়তে দেখা গেছে। কয়েকজন যাত্রীকে লাইফ জ্যাকেট পরে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টাও করতে দেখা যায়।
তবে কী কারণে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।