শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে অবস্থান জানাল ভারত, সরকারি সম্পৃক্ততা নেই
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে ঘিরে আলোচনার মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার যে আয়োজনের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লিতে একটি বেসরকারি গণমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার সম্ভাব্য অংশগ্রহণ সম্পূর্ণ ওই প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগ। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং সেখানে প্রকাশিত মতামতের দায়ও সরকার বহন করে না। ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক, সীমান্ত, আঞ্চলিক সহযোগিতা এবং পানিবণ্টনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তাকে ভারত সফরের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল, তা এখনো বহাল রয়েছে। এছাড়া বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ৫৪টি নদী রয়েছে। গঙ্গা চুক্তিসহ পানি-সংক্রান্ত সব বিষয় যৌথ নদী কমিশন এবং দুই দেশের বিদ্যমান কূটনৈতিক ও কারিগরি ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে। এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না। আদালতের আদেশ অমান্য করা হলে সরকার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা কার্যকর থাকা অবস্থায় তা মেনে চলা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। কেউ যদি ওই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাহলে আইনি প্রক্রিয়ায় আদালতে গিয়ে তা চ্যালেঞ্জ করতে পারেন। তবে আদেশ বহাল থাকা পর্যন্ত তা অনুসরণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।